মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

নতুনত্বের সন্ধানে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সাহিত্য সন্ধি’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা

13 নভেম্বর 2026, 05:28 PM | প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক-সিলেট
নতুনত্বের সন্ধানে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সাহিত্য সন্ধি’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা
Logo dainiksomoybarta.com

কবিতা, গল্প, আবৃত্তি ও মননশীল আলোচনায় মুখর বইমেলা প্রাঙ্গণ; তরুণ প্রজন্মকে বইমুখী করার আহ্বান

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬)সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকিত সিলেট এর আয়োজনে বই মেলা ২০২৬ এ অনুষ্ঠিত হল "সাহিত্য সন্ধির সাহিত্য আড্ডা "

বইয়ের পাতায় লুকিয়ে থাকে সময়ের গল্প, মানুষের অনুভূতি আর সমাজ বদলের স্বপ্ন। সেই স্বপ্ন ও সৃজনশীলতার মেলবন্ধনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকিত সিলেট এর আয়োজনে বইমেলা ২০২৬-এর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য সন্ধি-নতুনত্বের সন্ধানে সাহিত্য আড্ডা’।

কবিতা,গল্প,আবৃত্তি ও মননশীল বক্তব্যে পরিপূর্ণ এ আয়োজন পরিণত হয় সাহিত্যপ্রেমীদের এক মিলনমেলায়।বইমেলা প্রাঙ্গণে উপস্থিত বিপুলসংখ্যক বইপ্রেমী, কবি,লেখক ও সাহিত্য অনুরাগীর অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে সাহিত্য ও সৃজনশীলতার আবহ।

কবি কামাল আহমেদ ও তরুণ লেখক জসিমউদ্দীন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক, সিলেটের জয়িতা সম্মাননাপ্রাপ্ত লেখক শান্তা কামালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়; সাহিত্য হলো অনুভূতির প্রকাশ, চিন্তার জাগরণ এবং সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়ার এক শক্তিশালী মাধ্যম। মানুষের মনন, মানবিকতা ও মূল্যবোধ বিকাশে সাহিত্যের ভূমিকা অপরিসীম। সেই সাহিত্যকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও নতুনত্বের ছোঁয়ায় পাঠকের কাছে পৌঁছে দিতে ‘সাহিত্য সন্ধি’র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে তরুণ প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নতুন লেখক, কবি ও সৃজনশীল প্রতিভাদের বিকাশের সুযোগ সৃষ্টি এবং সাহিত্যপ্রেমী মানুষদের একই মঞ্চে একত্রিত করার এমন আয়োজন পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে গল্পকার সেলিম আউয়াল বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কবি শান্তা কামালীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন সাহিত্যচর্চাকে গতিশীল করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল বইপ্রেমী, কবি, সাহিত্যিক ও লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিশেষ অতিথি সিলেটের সুমিষ্ট উপস্থাপিকা, কবি, লেখক ও সংগঠক ইশরাখ জাহান জেলি বলেন, শিক্ষার্থী ও তরুণদের উপস্থিতি প্রমাণ করে নতুন প্রজন্ম ভালো বই পড়তে আগ্রহী। তাই লেখকদের প্রতি আহ্বান, তাঁদের এমন সব গ্রহণযোগ্য ও মানসম্মত বই উপহার দিতে হবে, যা তরুণদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবি, লেখক, সংগঠক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ বলেন, শব্দের ভুবনে এমন আয়োজন আরও বিস্তৃত হোক, নতুন প্রতিভার বিকাশ ঘটুক, সাহিত্যের আলো ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি প্রান্তে। সাহিত্য বাঁচুক, সৃজনশীলতা বাঁচুক, নতুনত্বের সন্ধানে এগিয়ে যাক ‘সাহিত্য সন্ধি’। তাঁর মতে, একটি বই মানুষের চিন্তার দুয়ার খুলে দিতে পারে, একটি কবিতা জাগিয়ে তুলতে পারে বিবেক, আর একটি সাহিত্য আড্ডা জন্ম দিতে পারে আগামী দিনের সম্ভাবনাময় লেখক।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনায় অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা ও সাহিত্যপ্রেমের প্রকাশ ঘটান উপস্থিত কবি-লেখকরা। তাঁদের কণ্ঠে উচ্চারিত কবিতার পঙ্‌ক্তি আর বক্তব্যে উঠে আসে জীবন, সমাজ, মানবতা, ভালোবাসা ও স্বপ্নের নানা অনুষঙ্গ।এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার ইয়াসমিন আরা মমতাজ, কবি কাউসার আরা বিথী, কবি আশালতা, কবি শিপারা শিপা, লেখক সায়মা সালাম, কবি তানজিনা ইয়াসমিন, খোরশেদ আলম, জানে আলম, তাবাসসুম জান্নাত জুহি, কবি এনামুল হক, ছড়াকার ইলহাম সাদি, রুবেল রাজ,বিমান বিহারী সহ অসংখ্য কবি, সাহিত্যিক, গল্পকার, আবৃত্তিকার ও সাহিত্যপ্রেমী।সভাপতির বক্তব্যে কবি শান্তা কামালী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কবি মুন্নি আক্তার বিশেষ সমস্যার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।সাহিত্য সন্ধির এ আয়োজন যেন আবারও মনে করিয়ে দিল—বই কেবল অবসরের সঙ্গী নয়, বই মানুষের চিন্তার স্বাধীনতা, বিবেকের জাগরণ ও আলোকিত সমাজ নির্মাণের অন্যতম হাতিয়ার। যেখানে কবিতা কথা বলে,গল্প জীবনের ছবি আঁকে আর সাহিত্য মানুষকে মানুষের আরও কাছে নিয়ে আসে।নতুন লেখকের স্বপ্ন,তরুণ প্রজন্মের আগ্রহ এবং প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতার সম্মিলনে ‘সাহিত্য সন্ধি’র এ সাহিত্য আড্ডা বইমেলার সাংস্কৃতিক পরিসরে একটি প্রাণবন্ত সংযোজন হয়ে থাকল।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code