21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তার বাসার দরজার বাইরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করতে চাচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।লাইভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজনকে দরজা খুলে দেওয়ার অনুরোধ করতে শোনা যায়। তবে জ্যোতিকা দরজা না খুলে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা জানতে চান। জবাবে বাইরে থাকা ব্যক্তিরা জানান, তাদের কাছে কোনো পরোয়ানা নেই। একপর্যায়ে তাদের একজনকে বলতে শোনা যায়, ‘কীসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’এর কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। এ সময় সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আমাদের ব্ল্যাকলিস্টেড করে গিয়েছেন। আমাদেরকে কোনো কাজে নেওয়া হয় না। এখন আমাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে।’
কথাগুলো বলার সময় কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা। তিনি আরও বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি কার্যালয়ে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’লাইভের শেষ দিকে পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসা এসব কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে।এ ঘটনায় গ্রুপের সদস্যদের নিয়ে সমালোচনা শুরু হয়। সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জ্যোতির দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর সেখানে জানাতেন তিনি।
‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করলে তিনি অফিস ত্যাগ করেন। পরবর্তী সময়ে একই বছরের ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।