মূল সংবাদে যান
Logo

09 October, 2026 | Friday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

05 সেপ্টেম্বর 2026, 09:20 AM | প্রতিবেদন: সম্পাদক সময় বার্তা
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী
Logo dainiksomoybarta.com

জন্ম ৬ অক্টোবর ১৯৩২,মৃত্যু ৫ সেপ্টেম্বর ২০০৯

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ২০০৯ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান মৌলভীবাজারের বাহারমর্দনে পরিবার, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। এছাড়া বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অন্যান্য সামাজিক কর্মসূচিও আয়োজন করা হয়েছে।

এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদে সর্বাধিক ১২টি বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েন।

দেশের অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনায় তাঁর বিভিন্ন উদ্যোগের মধ্যে করব্যবস্থার সংস্কার, মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখযোগ্য। তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে (ইফাদ) বাংলাদেশের গভর্নরের দায়িত্বও পালন করেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আজও বিভিন্ন মহলে আলোচনা ও মূল্যায়ন হয়ে থাকে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code